জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা
মানহানির মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মৌলভীবাজারের একটি আদালত।
বুধবার মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিম বাহাউদ্দিন কাজীর আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে বলে বাদী পক্ষের আইজীবী শান্তিপদ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শান্তিপদ ঘোষ বলেন, “গত ৪ ফেব্রুয়ারি জনকন্ঠ পত্রিকায় উপসম্পাদকীয়তে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি তথা সমগ্র বিচারাঙ্গনকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রকাশ করা অভিযোগে আইনজীবী আব্দুল মুমিত চৌধুরী বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলা করেন।
“বিচারক মামলাটি আমলে নিয়ে তাদের ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। আদালতের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়েছে।”
