দিনাজপুরে বড় ভাই খুন: ছোট ভাইসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ঘোড়াঘাটে বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাই এবং তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই বজলুর রশীদ জানান।
এরা হলেন- ঘোড়াঘাট উপজেলার বিন্যাগাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলী আকবর (৪৫) এবং তার স্ত্রী পিয়ারা বেগম (৩৮) ও ছেলে রবিউল আউয়াল (১৬)।
মামলার বরাত দিয়ে এসআই রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৈত্রিক জমি নিয়ে আলী আকবরের সঙ্গে বড় ভাই আশরাফুল ইসলামের বিরোধ চলছিল।
“এরই জেরে গত বছরের ৩০ অক্টোবর পিয়ারা বেগম এবং রবিউলের লাঠিপেটায় আশরাফুলের মৃত্যু হয়। এ ঘটনায় আশরাফুলের ছেলে মনিরুজ্জামান একটি মামলা করেন। ”
গাজীপুর গোয়েন্দা পুলিশের সহায়তায় এ মামলায় শুক্রবার ভোরে ওই তিনজনকে আটক করা হয় বলে জানান এসআই রশীদ।
