যমুনায় নৌকাডুবি, সন্ধান মেলেনি নিখোঁজ ব্যক্তির
সিরাজগঞ্জের এনায়েতপুরে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শাহ আলম (৪০) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবারও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উদ্ধার অভিযানে অংশ নেওয়া এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় এনায়েতপুরের ধুলিয়াবাড়ি চর থেকে ফসল নিয়ে ডিঙ্গি নৌকায় করে এনায়েতপুর ঘাটে ফিরছিলেন শাহ আলমসহ কয়েক জন।
“হঠাৎ ঝড় উঠলে নৌকাটি যমুনা নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কৃষি শ্রমিক ঠান্ডু মুন্সী, বাবু, মানিক ও ইসমাইল হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও শাহ আলম নিখোঁজ হন।”
এ ঘটনার পর রাতে স্থানীয়ভাবে নদীতে অভিযান চালিয়ে নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়। আর সোমবার বেলা ১১টা থেকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও বেলা ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
