২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, যুবক গুলিবিদ্ধ

ঢাকার নবাবগঞ্জে ডাকাতদের হামলায় এক যুবক গুলিবিদ্ধসহ আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 02:10 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শনিবার ভোরে ও শুক্রবার গভীর রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাড়া কালিমন্দির সংলগ্ন ও উত্তর বাহ্রা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।

গুলিবিদ্ধ মরণ সরকার ঘোষপাড়া কালিমন্দির গ্রামের জগদীশ সরকারের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি সাত জনের মধ্যে আউলাদ ও হাফিজাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, শনিবার ভোরে নয়নশ্রী ইউনিয়নে স্থানীয় সাংবাদিক সমীর মন্ডল ও বাদশা মাহাতির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।

সমীর মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভোরের দিকে ডাকাত দল আমাদের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এ সময় বাধা দিলে পরিবারের সবাইকে পিটিয়ে আহত করে।

“আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা গুলি ছুড়ে। এতে প্রতিবেশী মরণ সরকার গুলিবিদ্ধ হন।”

বাদশা মাহাতি বলেন, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা সাতভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল লুট করে নিয়ে গেছে।