সার্কাসে মোটর সাইকেল ছিটকে শিশু নিহত
কুমিল্লার চান্দিনায় দৃষ্টি প্রতিবন্ধী শিল্পপণ্য বাণিজ্য মেলায় খেলা দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল দর্শকদের উপর ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশুর নাম হৃদয় (১২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা মেডিকেল সেন্টার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঠের গোলকে রেসিং এর সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি মোটর সাইকেল ছিটকে দর্শকদের সারিতে পড়ে।
এ সময় ওই মোটর সাইকেলের চালকসহ সেখানে খেলা দেখতে আসা নারী ও শিশুসহ ছয়জন এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও সাতজন আহত হয়।
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
