২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় সামাজিক বনায়নের জায়গা দখলের বিরোধে কলেজছাত্র নিহত

কক্সবাজারের চকরিয়ায় সামাজিক বনায়নের জায়গা দখলকারীদের হামলায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 01:48 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

নিহত মোরশেদ আলম (২৫) চকরিয়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বরইতলী ইউনিয়নের চান্দের বাপের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ ওই এলাকার আলী হোসেনের ছেলে।

মোরশেদের বড় ভাই রোকন-উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ সামাজিক বনায়নের জায়গা জোরপূবর্ক দখল করে বিক্রি করে আসছিলেন মো. মুছা নামের এক ব্যক্তি। তার নামে গড়ে ওঠা ‘মুছা কাক্কার দা বাহিনী’র লোকজনের সঙ্গে মোরশেদের বিরোধ ছিল।

“বৃহস্পতিবার রাতে ১৫-২০ জন সশস্ত্র লোক আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মোরশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে চকরিয়া পৌর এলাকার ইউনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, নিহতের শরীরে ১২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জহিরুল।