ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: বাঘায় শিবিরকর্মী গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবিতে ‘অশ্লীল মন্তব্য’ করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলায় ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রাকিবুল ইসলাম নামের ওই শিবিরকর্মীকে বাঘা মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঘা থানার ওসি আলী মাহামুদ।
উপজেলার আমোদপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে রাকিব বাঘা শাহদৌল্লা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
ওসি মাহামুদ বলেন, “বুধবার এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পর প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবিতে অশ্লীল মন্তব্য করে ফেইসবুকে স্ট্যাটাস দেয় রাকিব।
“বিষয়টি ছাত্রলীগ নেতাদের নজরে আসলে তারা পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে।”
বাঘা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী শাকিল আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেছেন বলেও জানান ওসি।
