২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে স্কুলছাত্রকে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাদা ছিটকে গায়ে লাগায় এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে পৌর আওয়ামী লীগ সভাপতির ছেলের বিরদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 02:11 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

অভিযোগের মুখে থাকা আলমগীর হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান আলী সরকারের ছেলে ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।

আহত কামরুল ইসলাম অন্তর (১৩) উপজেলার শ্যামলীপাড়া পুকুরচালা এলাকার শহীদুল ইসলামের ছেলে এবং উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে অন্তরের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অন্তরের কপালের বামপাশে আঘাত লেগেছে। ক্ষতস্থানে ৬টি সেলাই দেওয়া হয়েছে।”

বুধবার সন্ধ্যায় আলমগীর অন্তরকে মারধর করেন এবং ধারলো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেছেন তার বাবা শহীদুল।

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অন্তুর বুধবার সন্ধ্যায় এলাকায় বাইসাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলমগীরের শরীরে কাদার ছিটে লাগে।

“এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে বেধড়ক মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, আলমগীর এর আগেও তার সহকর্মীসহ কয়েকজনকে তুচ্ছ ঘটনায় মারধর করেছেন।