‘বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান করায়’ কিশোরীকে কুপিয়ে জখম
পাবনার সুজানগরে ‘বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ এক ভাড়াটিয়ার কিশোরী মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বাড়িওয়ালার বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার নাজিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে সুজানগর থানার ওসি শাকিল উদ্দিন জানান।
এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা মুকুল কসাই (৩৫) পলাতক রয়েছেন।
আহত শিলাকে (১৭) পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মাথা, ঘাড় ও হাতে গুরুতর জখম হয়েছে বলে হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমান জানিয়েছেন।
শিলার বাবা আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মাস আগে নাজিরগঞ্জ এলাকায় মুকুল কসাইয়ের বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করছি। এরপর থেকেই দুই সন্তানের বাবা মুকুল আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।
“তাতে রাজি না হওয়ায় বুধবার মুকুল কয়েকজন সহযোগীকে নিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার করলে তারা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
ওসি শাকিল বলেন, দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে মুকুল ও অজ্ঞাত পরিচয় চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
ঘটনার পর থেকেই মুকুল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন বলে জানান তিনি।
