২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে ‘চরমপন্থি’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত মামলার আসামি এক ‘চরমপন্থিকে’ গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 01:56 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ জানান, রোববার বিকালে উপজেলার বহলাডাঙ্গা গ্রাম থেকে কেতাই নামের ২৯ বছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

কেতাই ওই এলাকার আইয়ুব ওরফে টাইগার আইয়ুবের ছেলে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বহলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানো হয় বলে জানান ওসি।

“ওই গ্রামের আহমেদ আলী মাস্টারের কলাবাগানে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি পাওয়া যায়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন সন্ত্রাসি কর্মকাণ্ড চালিয়ে আসছিল কেতাই। তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র, মারামারিসহ বিভিন্ন আইনে সাতটি মামলা রয়েছে।”

চরমপন্থি দল বিপুল বাহিনীর সদস্য কেতাইয়ের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে আরও একটি নতুন মামলা করা হয়েছে বলে জানান ওসি।