বাসের নিচে পড়া মোবাইল আনতে গিয়ে সহকারী পিষ্ট
গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসের নিচে পড়ে যাওয়া মোবাইল আনতে গিয়ে পিষ্ট হয়েছেন ওই বাসেরই চালকের সহকারী।
শনিবার সন্ধ্যার পর গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম নূরু মিয়া (২৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, ইটাহাটা এলাকায় ‘কোস্ট টু কোস্ট’ পোশাক কারখানার শ্রমিকদের নিতে বাসটি সন্ধ্যায় কারখানার সামনে যায়। কারখানার ফটক তখনও না খোলায় সেখানে অপেক্ষা করছিলেন তারা।
এ সময় চালকের সহকারী নুরু বাসের দরজায় বসে মোবাইল টিপছিলেন। একপর্যায়ে হাত থেকে মোবাইলটি পড়ে বাসের নিচে চলে যায়।
“নুরু বাসের নিচ থেকে মোবাইল কুড়াতে গেলে কারখানার ফটক খুলে দেওয়া হয়। তখন বাসটি কারখানার ভেতরে ঢুকতে গেলে নিচে থাকা নুরু মিয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।”
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান এসআই মোজাম্মেল।
