২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিরিয়ানি খেয়ে ১ জনের মৃত্যু, অসুস্থ ১০

লক্ষ্মীপুর শহরের একটি হোটেলের বিরিয়ানি খাওয়ার পর এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

এছাড়া ডাক্তারসহ ১০ জন অসুস্থ হয়েছেন বলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

মৃত লিটন (৪০) ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের মো. সোলায়মানের ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। লক্ষ্মীপুর শহরের উপশম হাসপাতালের আয়া ফারুল বেগম তার স্ত্রী।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের সেমিনার কক্ষে স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারে শহরের ‘নাছির বিরিয়ানী হাউস’ থেকে বিরিয়ানি এনে দেওয়া হয়।

“ওই বিরিয়ানি খেয়ে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হন ও বমি করতে থাকেন।

“এদের মধ্যে পাঁচ জন চিকিৎসকসহ ১০ জন সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকের চিকিৎসা নিচ্ছেন।”

মঙ্গলবার রাত ৯টার পর থেকে অসুস্থরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন বলে জানান তিনি।

লিটনের স্ত্রী পারুল বেগম বলেন, ওই সেমিনারে পাওয়া একটি বিরিয়ানির প্যাকেট পারুল বাড়ি নিয়ে স্বামীকে খেতে দেন।

“রাতে লিটন ডায়রিয়ায় আক্রান্ত হন এবং বমি করতে শুরু করে। বুধবার সকাল ৯টার দিকে বাড়িতে মারা যান লিটন।”

অসুস্থদের মধ্যে রয়েছেন ডা. ওমর ফারুক, ডা. চিন্ময় সাহা, ডা. বনি আমিন, ডা. ইকবাল হোসেন ও ডা. আবদুর রহমান।

ডা. ওমর ফারুকসহ তিনজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান ডা. জয়নাল আবেদীন।