ফেইসবুকে সন্ধান মিলল ডাকাতের
ফেইসবুকে দেওয়া ছবির সূত্র ধরে মাগুরায় টাইলস মিস্ত্রীবেশী এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, ডাকাতির সময় ফেলে যাওয়া এক ছবির সঙ্গে ফেইসবুকে পোস্ট করা ছবির মিল পাওয়ায় বেরিয়ে আসে ডাকাতের পরিচয়।
সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে বাবুল হোসেন পুলিশি জিজ্ঞাসাবাদের পর শুক্রবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ডাকাতির কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
গত ২৯ ডিসেম্বর রাতে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিস পাড়ায় লাকী রহমানের বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়।
দুদিন পর এক লাখ ২০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট হয় অভিযোগ করে সদর থানায় মামলা করেন লাকী রহমান। এরপর ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ডাকাতদের ফেলে যাওয়া এক যুবকের ছবি উদ্ধার করে পুলিশ।
কয়েক দিন আগে ‘সাইফুল ইসলাম বাবুল’ নামের একজনের ফেইসবুক ওয়ালে পোস্ট করা ছবির সঙ্গে ডাকাতির পর উদ্ধারকৃত ওই ছবির চেহারা ও পোশাকে মিল পাওয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই প্রোফাইলের ফেইসবুক ফ্রেন্ডদের মাধ্যমে ঠিকানা উদ্ঘাটন করে পুলিশ।”
তিনি জানান, এরপর তারা জানতে পারেন ‘সাইফুল ইসলাম বাবুল’ মাগুরা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে বাবুল হোসেন। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন। বাবুল ডাকাতির দিন পাঁচটি সিমকার্ড ব্যবহার করে সদরের শ্যাওলাডাঙ্গা গ্রামের ‘ডাকাত সর্দার’ কামাল ও মাছুদের সঙ্গেও একাধিকবার কথা বলেন বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, টাইলসের কাজের ছুতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মোবাইল ফোনে মাগুরা শহরের স্টেডিয়াম গেইটে ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ।
“ব্যাপক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বাবুল নিজেকে আট সদস্যর এক ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে।”
পুলিশের ধারণা বাবুল অন্য ডাকাতদের চোখ এড়িয়ে একটি সোনার চেইন মানিব্যাগে লুকিয়ে রাখার সময় তার ছবিটি পড়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা এহসান।
ডাকাত দলটির অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
