২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে নদী ভরাট করে রাস্তা নির্মাণ

ফরিদপুরে ভুবনেশ্বর নদ ভরাট করে সড়ক নির্মাণ করছে স্থানীয় প্রশাসন।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

সরেজমিনে জানা যায়, জেলার চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর (বর্তমান লোহারটেক কোল বলে পরিচিত) নদের প্রায় সাতশ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থের জায়গায় একমাস ধরে ভরাট কাজ চলছে। এ ভরাট কাজে ওই নদ থেকে ড্রেজিং করে বালু তোলা হচ্ছে।

নদী ভরাট করে চরভদ্রাসন জামে মসজিদ সংলগ্ন ধানহাটা থেকে উত্তরে আলী খানের টিনের দোকানের পাশ দিয়ে নির্মাণ করা এ সড়কটি হাসপাতাল রোডের সঙ্গে সংযোগ হবে।

চরভদ্রাসন উপজেলা ভূমি অফিস থেকে জানা যায়, নদীর পাড় সংলগ্ন ১৬৪ নম্বর চরভদ্রাসন মৌজার সাতটি দাগে মোট ৫৫ শতাংশ জমি আছে। ওই জমির দলিল ও রেকর্ড মূলে মালিক ছিলেন এলাকার কয়েকজন ব্যক্তি।

ওই জমি নদীগর্ভে চলে যাওয়ায় সরকারি খাস খতিয়ানে চলে যায়। তবে ওই জমির মালিকানা নিয়েও সরকারের সঙ্গে পাঁচটি মামলা চলছে। ওই জায়গাও রাস্তা নির্মাণের এলাকায় পড়েছে।

উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. ফারুক আলম জানান, বাজারের যানজট নিরসনে উপজেলা সমন্বয় কমিটির সভায় নদীর অংশ বিশেষ ভরাট করে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

এজন্য ইউএনওকে আহ্বায়ক করে ‘চরভদ্রাসন বাজার বিকল্প সড়ক বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাজারের যানজট কমানো। এ নিয়ে উপজেলা উন্নয়ন সম্বন্বয় কমিটির সভার আলোচনা মতো নদীর একটি অংশ ভরাট করে রাস্তার নির্মাণ ও দোকান বরাদ্দের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নদীতে চলে যাওয়া জায়গা নিয়ে যারা মামলাগুলি করেছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে মামলাগুলি প্রত্যাহার করানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীর অংশ বিশেষ ভরাট করার জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি।

“আমি নিজে এ বিষয়ে কিছু জানি না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাউবোর কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠাব।”

ফরিদপুরের জেলা প্রশাসক ও নদী রক্ষা কমিশনের সভাপতি সরদার সরাফত আলী বলেন, বিষয়টি তার জানা নেই। জেনে, পরিবেশ রক্ষার্থে যা যা করার প্রয়োজন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।