২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পোশাক কর্মীর লাশ, স্বামী পলাতক

গাজীপুরের টঙ্গীর এক বাড়ি থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধারের পর তার স্বামীকে খুঁজছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 10:12 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

টঙ্গী থানার এসআই মো. জোবায়ের মৃধা জানান, মঙ্গলবার মধ্যরাতে আরিচপুরের গাজীবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুমুর আক্তার নামের ৩২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ঝুমুর বাঘেরহাটের রামপাল থানার রাজনগর গ্রামের আতিয়ার মোল্লার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী মোক্তার হোসেন (৩৮) আগে গার্মেন্টে কাজ করলেও সম্প্রতি নিজেই ব্যবসা শুরু করেন।

ঝুমুরের গলায় দাগ থাকায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার বোন শিউলী আক্তার এ ঘটনায় টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা শিউলী বলেন, “মোক্তার গত কয়েকমাস ধরে আমার বোনের কাছে বেতনের টাকা চাইতো। টাকা দিতে না চাইলে মেরে ফেলার হুমকি দিতো।”

এসআই জোবায়ের বলেন, মঙ্গলবার রাতে শিউলি বোনের মোবাইল ফোনটি বন্ধ পেয়ে টঙ্গী আসেন। তারপর বাড়িতে ঝুমুরের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।

ঘটনার পর থেকে মোক্তারকে পাওয়া যাচ্ছে না বলে এই পুলিশ সদস্য জানান।