২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় বীমা কর্মকর্তার ‘হাত-পা ভেঙে’ ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে এক বীমা কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 02:15 PM

Updated : 25 Jul 2022, 09:20 PM

সোমবার রাতে উপজেলার মির্জাপুর স্লুইসগেইট সংলগ্ন কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান।

ঘটনার পরপরই স্থানীয় জনতা দুই ‘ছিনতাইকারীকে’ ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

আহত মো. আব্দুল হামিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের ময়তুল্লাহ প্রমাণিকের ছেলে।

ওসি জানান, হামিদ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পনি লিমিটেডের ভবানীপুর ব্লকের ম্যানেজার। সোমবার রাত ৮টার দিকে অফিস থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার পথ আটকায়।

“তারা পিটিয়ে হমিদের হাত-পা ভেঙে দেয় এবং তার কাছে থাকা গ্রাহকদের প্রিমিয়ামের ২ লাখ ৫১ হাজার ৬২০ টাকা ছিনিয়ে নেয়।”

এ সময় হমিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

ওসি জানান, এলাকাবাসী ঘটনাস্থল থেকে আব্দুল জব্বার আকন্দ ও মো. বকুল হোসেন নামের দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

ওই দুইজনকে জিজ্ঞাসাবাদের পর ছিনতাইয়ে থাকা আরও তিনজনের নাম জানতে পারে পুলিশ।

বীমা কর্মকর্তা হামিদের স্ত্রী আশরাফুন্নেছা বেগম সোমবার রাতেই আত্রাই থানায় ওই পাঁচজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে আটক দুইজনকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।