২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তারাকান্দায় গৃহবধূ খুন, স্বামী-সতিন আটক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক গৃহবধূর গলাকাটা বস্তাবন্দি লাশ মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 12:36 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

নিহত আয়েশা আক্তার উপজেলার রামপুর এলাকার স্কুল শিক্ষক মানিক মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার আয়েশা নিখোঁজ হন। রোববার সকালে স্থানীয় নাগডোরা এলাকায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত অভিযোগে আয়েশার স্বামী স্থানীয় রামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক মিয়া এবং সতিন শিল্পী বেগমকে আটক করেছে পুলিশ।

তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান, বৃহস্পতিবার বিকালে রামপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আয়েশা আক্তার।

“স্বজনদের অভিযোগ সতিন শিল্পী বেগম বৃহস্পতিবার ডেকে নিয়ে যাওয়ার পর থেকে আয়েশা নিখোঁজ ছিলেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

ওসি মাজহারুল জানান, মানিক মিয়া ও শিল্পী বেগমকে শুক্রবার আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

“তাদের স্বীকারোক্তি মতে পুলিশ রোববার সকালে স্থানীয় নাগডোরা এলাকা থেকে আয়েশার মাটিচাপা দেওয়া গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।