২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে হয়ে সাইকেল চালানো ‘ভালো না’, তাই আত্মহত্যা

জয়পুরহাটে পৃথক তিনটি ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে, যাদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্রী, একজন গৃহবধূ এবং একজন বৃদ্ধ রয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জেলার বিভিন্ন এলাকায় এসব আত্মহত্যার ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

সদর থানার ওসি ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখপাড়া গ্রামের এসকেন্দার আলীর মেয়ে রিতু পারভীন (১৪) শখের বশে প্রায়ই বাইসাইকেল চালাত।

“মেয়ে হয়ে সাইকেল চালাবে, বিষয়টি এলাকার মানুষ ভালো চোখে দেখবে না বলে এসকেন্দার মেয়েকে গালাগাল করেন। সন্ধ্যায় তার শোয়ার ঘরের দরজা ভেঙে গলায় রশি দিয়ে ঝোলানো লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। রিতু অভিমানে আত্মহত্যা করে বলে তার পরিবার ধারণা করছে।”

রিতু স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

অপরদিকে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, বড় নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মিম্মা আক্তার (২২) পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

“কীটনাশক পানের পর তাকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া আক্কেলপুর উপজেলায় এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

আক্কেলপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আলী মাহমুদপুর হিন্দুপাড়া গ্রামের গোপাল চন্দ্র রায়ের স্ত্রী নিভা রানী (৬০) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সঠিক চিকিৎসা হচ্ছে না এই অভিমানে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে।

তিনটি লাশই পুলিশ জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কারও কোনো অভিযোগ না থাকলেও পুলিশ তিনটি অপমৃত্যূ মামলা দায়ের করেছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।