হবিগঞ্জের পল্লীতে সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন।
জগদিশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে বুধবার রাতে এই সংঘর্ষ হয় বলে মাধবপুর থানার এসআই আবুল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- রুকেয়া বেগম (২২) ও আব্দুল জলিল (২৮)। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
জমি নিয়ে ওই গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্টো মিয়া মেম্বারের সঙ্গে ফজল মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
এ নিয়ে গত রোববার সকালেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল বলে স্থানীয়রা জানায়।
এসআই আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংষর্ষের সময় রহিছ আলীর মেয়ে রুকেয়া বেগম এবং জলিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে জানিয়ে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি শান্ত হয়ে এলেও গ্রামটিতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
