লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিনের মাথায় এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।
শুক্রবার দুপুরে শহরের হ্যাপি সিনেমা হল সংলগ্ন রহমতখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তবে প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
মৃত আবুল কালাম সদর উপজেলার চররুহিতা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
ময়নাতদন্তের জন্য তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ওসি বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালাম লক্ষ্মীপুর পৌর শহরের হ্যাপি হল রোডের নির্মাণাধীন ‘সাজিদা মঞ্জিলের’ নির্মাণ ঠিকাদার মো. ইউছুপের তত্ত্বাবধানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
শুক্রবার দুপুরে স্থানীয়রা রহমতখালী খালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে স্বজনরা কালামের লাশ শনাক্ত করে করে বলে জানান ওসি।
“প্রাথমিকভাবে কালামের শরীরে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন ওসি।
তিনি আরও বলেন, কালামের লাশ উদ্ধারের পর ‘সাজিদা মঞ্জিলে’ হামলার চেষ্টা চালায় তার স্বজনেরা। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের দুই ভাই হোসেন আহমদ ও সুলতান অভিযোগ জানান, কালাম যে বাসায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন সে বাসার লোকজন তাকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে।
তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিক কিরন আক্তার বলেন, “স্থানীয় ঠিকাদার ইউছুপকে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে আমরা আর কিছুই জানি না।”
ইউছুপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
