২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই এখন নেতা হচ্ছে, কর্মী পাওয়া যাচ্ছে না: কাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের দলের তৃণমূল নেতাদের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন ভিত্তিক প্রচারের সমালোচনা করে বলেছেন, বাংলাদেশে এখন নেতা উৎপাদনের বিশাল কারখানা; সেই কারখানায় শুধুই নেতা তৈরি হয়, কর্মী তৈরি হয় না।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 09:26 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার সাভারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কিছুদিন আগে সাভারের একটা বিলবোর্ডে আমি ৩৭টি ছবি দেখেছি। এই ডিজিটাল বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন দিয়ে সবাই এখন নেতা হচ্ছে। যে কারণে আর কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না।

সাভারের বিভিন্ন স্থানে নিজের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে

বলেন, “যার অনুরোধে আপনারা সাভারের রাস্তা-ঘাট বিলবোর্ড মুক্ত করেছেন, তার ছবি কেন আজকে এখানে দেখছি? আমি কি আপনাদের কাছে ছবি চেয়েছি?

“এই মিটিং শেষ হওয়ার আগেই আমার ছবির ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করবেন- এটাই আমার নির্দেশ।”

সাভারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সফরকে কেন্দ্র করে থানা রোড থেকে কলেজ পর্যন্ত বিভিন্ন স্থানে তার ছবি সম্বলিত বিলবোর্ড টানানো হয়।

সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সভাপতিত্বে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল গণি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।