২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুই শিশু হত্যার ঘটনায় ৮ জন রিমান্ডে

কক্সবাজারের রামুতে সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারকি হাকিম মোহাম্মদ নিশাদুজ্জামান এ আদেশ দেন বলে রামু থানার পরিদর্শক মোহাম্মদ কায়কিসুলু জানিয়েছেন।

যাদেরকে রিমান্ডে পাঠানো হয়েছে তারা হলেন- রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন ওরফে টুইল্যা, আলমগীর হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইউনুস, রোমান উদ্দিন ওরফে নোমান, লাইলা বেগম ও রশিদা বেগম।

পরিদর্শক কায়কিসুলু জানান, দুই শিশুকে অপহরণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“এর মধ্যে আটজনকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

গ্রেপ্তার অন্যদেরও যে কোনো সময় আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

রোববার বিকালে বাড়ির পাশ থেকে দুই ভাই হাসান শাকিল (১০) ও হোসাইন কাজলকে (৮) অপহরণ করা হয়। পরে তাদের বাবা মো. ফোরকানকে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বুধবার ভোররাতে রামুর গর্জনিয়ার পাহাড়ি এলাকায় একটি খালের পাড় থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বুধবার রাতে ফোরকান একটি মামলা করেন।

পুরনো খবর:

কক্সবাজারে ২ শিশু হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার