বিএনসিসি কর্মকর্তার মাথা ফাটাল ছাত্রলীগ নেতাকর্মীরা
বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর সাতক্ষীরা সরকারি কলেজ কন্টিনজেন্টের ক্যাডেট আন্ডার অফিসারকে (সিইউও) ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা ১২টার দিকে গুরুতর আহত ইখতিয়ারকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, কলেজের মূল ভবনের গেটে ছাত্রলীগের উচ্চমাধ্যমিক শাখা কমিটির সভাপতি আশিক ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন।
“এ সময় তাদের গেট ছেড়ে দেওয়ার অনুরোধ করতেই তারা আমাকে ধরে কলেজের বাইরের একটি চায়ের দোকানের সামনে নিয়ে যায় এবং কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জিসহ অন্য নেতাদের উপস্থিতে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়।”
হাসপাতালের সিনিয়র নার্স মঞ্জুয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইখতিয়ার উদ্দিনের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। হাসপাতালে আনার তিন ঘণ্টা পরে তার জ্ঞান ফেরে।”
এ ঘটনায় মামলা হয়নি।
মিঠুন ব্যানার্জির পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় বিচার চাইতে গেলে আবারও আক্রমণের আশঙ্কা রয়েছে বলে ইখতিয়ার উদ্দিন মনে করেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে।”
মিঠুন কলেজের ছাত্রদের তুচ্ছ কারণে মারধর করে প্রভাব দেখান বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে।
সে সম্পর্কে জিজ্ঞেস করলে অধ্যক্ষ কিছু বলতে রাজি হননি।
ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক অম্বিক কুমার মণ্ডল, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি অনুপম কুমার অনুপ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রমৈত্রীর আহ্বায়ক পলাশ দাশ প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন বলেন, “বিষয়টা মীমাংসার জন্য আমি চার ঘণ্টা কলেজে ছিলেন।”
তিনিও আর কিছু বলতে চাননি। মিঠুনের বিরুদ্ধে কোনো অভিযোগ বা ইখতিয়ারকে মারধরের ঘটনা প্রমাণিত হলে তার কোনো শাস্তি হবে কি না সে সম্পর্কে কিছু বলতে চাননি।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা সরকারি কলেজের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, “আমরা জেনেছি ছাত্রলীগের ছেলেরা ইখতিয়ার উদ্দিনকে মেরেছেন।”
কেন মারা হয়েছে বা এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
