‘মাদকের প্রশ্রয়দাতা প্রভাবশালী মহল’
মাদক প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর ‘দৃঢ় অঙ্গিকারের অভাবে প্রভাবশালী মহল’ অবাধে মাদক দ্রব্যের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তা।
শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী এক সমাবেশে একথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমির হোসেন।
বর্তমানে দেশের যুবসমাজের ৭০ লাখ সদস্য মাদক সেবন করছে জানিয়ে তিনি বলেন, মাদকের ভয়াবহ ‘ছোবল’ থেকে যুব সমাজকে, দেশকে রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে।
“এর পেছনে যে প্রভাবশালী মহল জড়িত, তাদের যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মাদকের ভয়াবহতা কনট্রোল করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেজন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন।”
মাদকের ভয়াবহতা মোকাবেলায় ও সমাজ থেকে মাদকের উৎস নির্মূলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন আমির হোসেন।
“আমাদের দেশে যে মাদকের অহরহ ব্যবহার দেখা যাচ্ছে। এর বেশিরভাগই আসে ভারত ও মিয়ানমার থেকে। এসব মাদক শুধু পুলিশ, বিজিবি, র্যাব বা প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। সকল স্তরের লোকজন ও রাজনৈতিক নেতাদের এসব মাদক বিক্রেতাদের ও সেবনকারীদের পরিহার করতে হবে।”
“আগে এ দেশের যুবসমাজ হেরোইন সেবন করত। পরবর্তীতে ফেনসিডিল সেবন শুরু করে। বর্তমানে দেশে প্রতিদিন ৩০ লাখ মানুষ ইয়াবা সেবন করে। ইংলিশ মিডিয়াম স্কুল ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাদক বিক্রেতারা টার্গেট হিসাবে নিয়েছে।”
সমাবেশে চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, “আমরা মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি; পুলিশ বিভাগ থেকে একটি সেল খোলা হয়েছে।”
পুলিশের সার্বক্ষণিক হটলাইন ০১৭১৬৯৫৫৬২৩ নম্বরে ফোন করে মাদক বিষয়ে অভিযোগ করা যাবে বলে জানান তিনি।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদার আগামী মার্চ মাসের মধ্যে নিজ উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন।
অধ্যাপক আলমগীর বাহারের পরিচালনায় সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, হাজীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান ও একুশে গার্লস স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক বক্তব্য দেন।
উপজেলার ১০টি গ্রামের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে অংশ নেন।
