চৌমুহনীর মেয়র হলেন আ. লীগ প্রার্থী
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সল মেয়র নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন তাকে মেয়র ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর সারা দেশে পৌর নির্বাচনের সময় গোলযোগ ও অনিয়মের কারণে চৌমুহনী পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে ১০টির ভোটগ্রহণ স্থগিত হয়।
মঙ্গলবার সকাল ৮টায় এই ১০ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বিশৃঙ্খলার অভিযোগে বন্ধ করে দেন প্রিসাইডিং অফিসার গোলাম মোস্তফা।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “স্থগিত ওই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৫৬১ জন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ৯৮০টি।
“স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান বেশি থাকায় আক্তার হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”
১৯টি কেন্দ্রের নির্বাচনে আক্তার হোসেন পেয়েছেন ১৪ হাজার ৭৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহির উদ্দিন হারুন পেয়েছেন ১০ হাজার ৮০৭ ভোট।
