নওগাঁয় এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠির এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার জাবরীপাড়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিয়ামতপুর থানার ওসি ওবাইদুল জানান।
নিহত লুইস সরেন (৪০) উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের মৃত শংকর সরেনের ছেলে।
লুইসের স্ত্রী জুগিতা হেমরন বলেন, শুক্রবার বিকালে একসঙ্গে জমিতে কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যা থেকে লুইসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ওসি বলেন, মৃতের মুখমণ্ডল এবং পোশাক সম্পূর্ণ পুড়ে যাওয়ায় প্রথমে কেউ তাকে চিনতে পারেনি। পরে পায়ের অক্ষত একটু অংশ দেখে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন।
লুইসকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে আগুনে পুড়ে হত্যার আলামত নষ্ট করার চেষ্টা করেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছে।
