১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রামগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষ, আটক ১

`পৌরসভা নির্বাচনে দ্বন্দ্বের' জেরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ায় অন্তত আটজন আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 10:13 PM

Updated : 12 Apr 2022, 01:07 AM

শুক্রবার রাতে আঙ্গারপাড়া এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া।

আহতদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন, শাহিন, রুবেল হোসেন, মামুন আলো ও শামিম।

তাদের মধ্যে দেলোয়ার হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নাসিম মিয়া বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমরান হোসেন বাচ্চু ও পৌর কমিটির সভাপতি সোহেল চৌকিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ এমরান হোসেন বাচ্চুকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে এমরান হোসেন বাচ্চু ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে হেরেছেন। নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী আহসান হাবীব।

ছাত্রলীগ নেতা সোহেল চৌকিয়া নির্বাচনে আহসান হাবীবের হয়ে কাজ করেছেন বলে জানান তারা।

সংঘর্ষ চলাকালে উত্তেজিত যুবকরা দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৪-৫টি দোকান ভাংচুর করেছে।