১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলমারা ব্যালট পেপার হাজীগঞ্জের টয়লেটে

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় এক পরাজিত কাউন্সিলর প্রার্থীর উটপাখি প্রতীকে সিলমারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 01:13 AM

Updated : 20 Aug 2022, 11:28 AM

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ কেন্দ্রে এক পরিচ্ছন্নতাকর্মী টয়লেট পরিষ্কার করতে গিয়ে উটপাখি প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন।

“খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যালট পেপারগুলো থানা হেফাজতে এনে রেখেছে।”

পরাজিত কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মজুমদার সাংবাদিকদের বলেন, “নির্বাচনের দিন দুপুরে আমার এজেন্ট ও কর্মী-সমর্থকদের পিটিয়ে বের করে দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিটন চন্দ্র সাহা ও তার কর্মীরা।

“এই সুযোগে রিটনের লোকজন ব্যালট বক্স থেকে আমার উটপাখি প্রতীকের প্রায় ৪০০ সিল মারা ব্যালট পেপার ফেলে দেয়।”

এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন ও থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

অপরদিকে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বিজয়ী কাউন্সিলর রিটন চন্দ্র সাহা তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

রিটন বলেন, “আমার বিরুদ্ধে উটপাখি মার্কার প্রার্থী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।”

বুধবার ঘোষিত নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে উটপাখি পেয়েছে ১০৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী টেবিল ল্যাম্প পেয়েছে ১৪৩০ ভোট।

টেবিল ল্যাম্পের রিটন ৩৭১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হয়েছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “আমরা ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”