বিচ কার্নিভাল: উৎসবের নগরী কক্সবাজার
থার্টি ফার্স্ট নাইট আর মেগা বিচ কার্নিভাল ঘিরে কক্সবাজার এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১২টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘মেগা বিচ কার্নিভাল’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এর আগে সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় ‘কার্নিভাল প্যারেড (শোভাযাত্রা)। শোভাযাত্র শেষ হয় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠন, উপজাতি সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শোভাযাত্রায় নেতৃত্ব দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রাশেদ খান মেনন, জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, হাজী মোহাম্মদ ইলিয়াছ ও সংরক্ষিত নারী সংসদ খোরশেদ আরা হক, সচিব খোরশেদ আলম চৌধুরী, অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুজ্জামান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী, পর্যটন বোর্ডের চেয়ারম্যান আক্তরুজ্জামান খান কবির, জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রমুখ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পর্যটন করপোরেশন, পর্যটন বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো ‘মেগা বিচ কার্নিভাল’ চলবে শনিবার পর্যন্ত। থার্টি ফার্স্টের উৎসব হবে শুধু বৃহস্পতিবার।
কক্সবাজার সমুদ্র সৈকত আর হোটেল-মোটেলসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। শহরময় জুড়ে বিরাজ করছে সাজ-সাজ রব।
‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে’ ৩১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার যেকোনো উন্মুক্ত স্থানে আয়োজিত সব অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করার নির্দেশ রয়েছে প্রশাসনের।
তিন দিনব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে ‘মেগা বিচ কার্নিভালের’ নানা আয়োজনকে ঘিরে কক্সবাজারে এখন অবস্থান করছে বিপুল সংখ্যক পর্যটক।
কার্নিভালের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার রাতে পর্যটন হোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে মেগা বিচ কার্নিভালের সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, মেগা বিচ কার্নিভাল আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ১০ লাখ বিদেশি পর্যটককে আকর্ষণের উদ্দেশ্যে সরকার ‘ইভেন্ট ক্যালেন্ডার’ ভিত্তিক নানা পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী ও অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুজ্জামান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী, পর্যটন বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান কবির প্রমুখ।
ইতিমধ্যে আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
কার্নিভাল আয়োজনে সহায়তাকারী বিজ্ঞাপনী সংস্থা ‘গ্রে বাংলাদেশের’ ম্যানেজার তাসফি মোহাম্মদ খানও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানান।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পর্যটকের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তক রয়েছেন পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তায় শহরের প্রবেশ মুখগুলোতে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজারের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা রয়েছে কক্সবাজার। সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষে সকল উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া পাশাপাশি সাদা পোশাকে নজরধারীর ব্যবস্থাও থাকছে বলে জানান তিনি।
বিভিন্ন হোটেল-মোটেল ও গেস্ট হাউজে খবর নিয়ে জানা গেছে, এ উৎসব উপলক্ষে ইতিমধ্যে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক এসে পৌঁছেছেন। শহরে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।উৎসবে
তিন দিনের কর্মসূচি
বৃহস্পতিবারের কর্মসূচির মধ্যে রয়েছে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, বালির ভাস্কর্য প্রর্দশনী, ঘুড়ি উৎসব, মাইক্রোলাইট এয়ারক্রাফট, বলি খেলা, প্যারাসেইলিং, ডিজে শো, ফানুস ওড়ানো, জবিং এবং সংগীত অনুষ্ঠান।
এছাড়া ব্যান্ড দল রেডিও এ্যাক্টিড, মাকসুদ এর ঢাকা, কিরণ চন্দ্র রয় ও চন্দনা মজুমদার এবং জেমস এর নগর বাউলের গান পরিবেশন করার কথা রয়েছে।
দ্বিতীয় দিনের (শুক্রবার) অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৬টায় হট এয়ার বেলুন ওড়ানোর মধ্য দিয়ে। এরপর কাবাডি, ফুটবল, বালির ভাস্কর্য, সাইক্লিং, ঘুড়ি উৎসব, ক্রিকেট ম্যাচ, লায়ন ড্যান্স, মাইক্রোলাইট এয়ারক্রাফট, সেইলবোট, প্যারাসেল, ফানুস ওড়ানো, রাখাইন নৃত্য ও সংগীত অনুষ্ঠান।
সংগীত শিল্পীদের মধ্যে ফকির শাহাবউদ্দিন, শফি মন্ডল, ভাইকিংস, চিরকুট, আঁখি আলমগীর ও এলআরবির আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করার কথা রয়েছে।
কার্নিভালের তৃতীয় ও শেষদিন (শনিবার) অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টায় এয়ার বেলুন ওড়ানোর মধ্য দিয়ে।
দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে কাবাডি, মোরগ লড়াই, সার্ফিং, বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা ও সংগীত অনুষ্ঠান।
এদিন নিশীতা, ঝিলিক, আতিক হাসান, রাজীব, বারী সিদ্দিকী, মিলা ও জলের গান পরিবেশন করার কথা রয়েছে।
তিন দিনব্যাপী উৎসবের শেষ হবে শনিবার বিকাল ৫টার আগে।
