১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরে আ. লীগ-বিদ্রোহী সংঘর্ষে আহত ১০

পাবনার সুজানগর পৌরসভায় আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

বুধবার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ সংঘর্ষ হয় বলে জানান সুজানগর থানার ওসি শাকিল উদ্দিন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোযৈন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন তোফার উপর আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াহাবের সমর্থকরা হামলা চালায়।

“এ সময় তোফার লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।”

ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও হাত বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হন বলে জানান রিটার্নিং অফিসার।

ওসি শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুক্ষণের মধ্যেই সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয়, চর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় নিয়োগী বনগ্রাম কেন্দ্রে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।  

“পরেঅতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

এ সময় উভয় পক্ষের লোকজন আশপাশের প্রায় ১০টি বাড়িতে ভাংচুর করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

স্বতন্ত্র মেয়র প্রার্থী থোফাজ্জল হোসেন তোফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ও প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতির উদ্দেশ্যেই আমার উপর হামলা ও একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে।”

পুলিশের উপস্থিতিতেই ভোট ডাকাতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জাতে চাইলে ওসি শাকিল উদ্দিন বলেন, তোফাজ্জল হোসেনের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।