‘ব্যালট বাক্সের মতোই স্বচ্ছ হবে নির্বাচন’
পৌর নির্বাচন ব্যালট বাক্সের মতোই স্বচ্ছ হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নানা মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার নওগাঁয় সাংবাদিকদের একথা বলেন তিনি।
৩০ ডিসেম্বর দেশের দুই শতাধিক পৌরসভায় ভোট হবে। স্থানীয় সরকারের এই নির্বাচনে এবারই প্রথম মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা- সে ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।
ভোটের দিন প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট দেওয়ার ‘গ্যারান্টি’ চেয়েছে বিএনপি।
নওগাঁর মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জাবেদ আলী সাংবাদিকদের বলেন, “আমি বলতে পারি, নির্বাচন হবে সুষ্ঠু, বালেট বাক্স যেমন স্বচ্ছ, নির্বাচনও ঠিক তেমনই হবে।”
এখানে কোনো আশঙ্কা বা শঙ্কা নাই বলেও মন্তব্য করেন তিনি।
প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার করার নির্দেশ দিয়ে জাবেদ আলী বলেন, “আপনারা ভোটারদের মন জয় করেন।”
ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ‘স্বাধীনতায় হস্তক্ষেপ’ সংক্রান্ত প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন, “ভোটকেন্দ্রে সংবাদ কভার নিয়ে যে পাঁচটি নিদের্শনা দেওয়া হয়েছে তাতে সাংবাদিকদের অধিকার খর্ব হবে না। কমিশন থেকে পাস নিয়ে ভোটের নিউজ কভার করার সুযোগ রয়েছে।”
