আত্রাইয়ে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ ৬ দিন
নওগাঁর আত্রাই উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলো গোপালবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শাকিব হোসেন (১০) ও তার সহপাঠী রনি মন্ডল (১১)।
বুধবার বিকালে এ দুই ছাত্র নিখোঁজ হয় বলে থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়।
শাকিব আত্রাইয়ের তেজনন্দী গ্রামের প্রবাসী বাবুল প্রামানিকের ছেলে এবং রনি গোপালবাটী গ্রামের কাজেম আলী মন্ডলের ছেলে।
রনির বাবা কাজেম আলীর বরাত দিয়ে আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বুধবার বিকালে বাড়ি থেকে এ দুই শিশু বের হয়ে আর আসেনি।
এ ঘটনায় শুক্রবার আত্রাই থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।
