নয় মাস অক্ষত ছিল যে পতাকা
সবুজ জমিনে লাল সূর্য, তার মাঝে বাংলাদেশের মানচিত্র- এমন একটি পতাকা মুক্তিযুদ্ধের পুরোটা সময় পতপত করে উড়েছে বেনাপোলে। তার দখল নিতে দিনের পর দিন যুদ্ধ চলেছে, শহীদ হয়েছেন অনেকে; কিন্তু বাংলার এ পতাকা নয় মাস ছিল অক্ষত।
পতাকাটি উত্তোলনের সঙ্গে যুক্ত ছিলেন বেনাপোলের মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন সেই নয় মাসের কথা।
বেনাপোল চেকপোস্ট ইপিআর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মোশারেফ হোসেনের নেতৃত্বে ১৯৭১ সালের ৩ এপ্রিল সকালে বেনাপোল জিরো পয়েন্ট এলাকায়, বর্তমান বিজিবি ক্যাম্পের সামনে, বাঁশের খুঁটিতে উড়িয়ে দেওয়া হয় সেই পতাকা।
“ঢাকায় পাকসেনাদের হামলার খবর ছড়িয়ে পড়ার পর আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। ২৭ মার্চ বেনাপোল ইপিআর ক্যাম্পের সুবেদার মোশারেফ হোসেন তিনজন ইপিআর সদস্য নিয়ে ক্যাম্প থেকে সশস্ত্র অবস্থায় বেরিয়ে এসে আমাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস ও অনুপ্রেরণা যোগান।
দ্বীন ইসলাম বলেন, “৩০ মার্চের মধ্যে আমাদের সঙ্গে আরও ১৪-১৫ জন যোগ দেন। ১ এপ্রিল সুবেদার মোশারেফ আমাদের নিয়ে যান বেনাপোলের বিপরীতে ভারতের জয়ন্তীপুর ফুটবল মাঠের শরণার্থী ক্যাম্পে। সে সময় মোজাম্মেল হক, আবদুর রশিদ, ছাত্রনেতা মোহাম্মাদ আলীও আমাদের সাথে ছিলেন। ওখান থেকে এসে ৩ এপ্রিল আমরা সীমান্তে পতাকা উত্তোলন করি।”
সাব সেক্টর কমান্ডার তৌফিক-ই-এলাহি চৌধুরী সেই পতাকা সম্পর্কে ‘যশোর জেলার ইতিহাস’ বইতে লিখেছেন, “এপ্রিল মাসের শেষের দিকে যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আমাদের জনশক্তি সীমান্তের ওপারে চলে যায়, তখন বেনাপোল সীমান্তের উড্ডীয়মান পতাকাকে আমরা অসহায়ভাবে ফেলে যাইনি।
“মে মাসের প্রথমার্ধে যখন মুক্তিবাহিনীর পুনর্বিন্যাস চলছিল তখন এই পতাকা সংরক্ষণের ভার নিয়েছিলেন ভারতীয় বিএসএফের ১৮ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেং সিং বীরচক্র। এই রাজপুত অফিসার আমাদের পতাকাকে সম্মান দিয়ে মুক্তিসংগ্রামের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। ১৮ বিএসএফ দুই দেশের দুটি পতাকা কভার করে রেখেছিল। কাক পক্ষিটিও তার কাছে ভিড়তে পারেনি।
“সকাল-দুপুর-সন্ধ্যা বা গভীর রাতে মেশিনগান গর্জে উঠত, যদি তার আশপাশে সামান্যতম কোনো গতিবিধি পরিলক্ষিত হত। এই পতাকা ধ্বংস করার জন্য পাকিস্তানিদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। এ জন্য কতজন যে হতাহত হয়েছে তা ঠিকভাবে বলা মুশকিল। এই পতাকা নিয়ে বেনাপোল সীমান্ত থাকত সব সময় সরগরম। আমাদের অনাগত দিনের বিজয়ের প্রতীক ছিল এই পতাকা।”
“ওই সময় পতাকাটি বেনাপোল সীমান্তে একটি স্বীকৃত সত্য হয়ে গিয়েছিল। এরপর ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধারা মিলে যৌথভাবে এই পতাকা সংরক্ষণের দায়িত্ব নেয়। বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ জায়গা এ সময় জিরো লাইনে পরিণত হয়।”
‘যশোর জেলার ইতিহাস’ বইয়ে সেই পতাকা রক্ষার লড়াইয়ের কথা লিখেছেন মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহম্মেদও।
“২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনীর দুই ব্যাটালিয়ন সৈন্য বেনাপোলের কাগজপুকুর এলাকায় মুক্তিবাহিনীর মূল ঘাঁটিতে আঘাত করে। এখানে ছয় ঘণ্টা তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধে মুক্তিবাহিনীর ১৫ জন শহীদ হন। এর পরবর্তী ১৫ দিন পাকিস্তানিরা বেনাপোল চেকপোস্ট এলাকা দখলে নেওয়ার জন্য বহুবার আক্রমণ করে। উদ্দেশ্য ছিল চেকপোস্টের দখল নিয়ে সেখানে পাকিস্তানি পতাকা উত্তোলন করা। এখানকার যুদ্ধে অন্তত ১০০ পাকসেনা নিহত হয়। কিন্তু এলাকাটি কখনও পাকিস্তানিদের দখলে যায়নি।”
স্থানীয় মুক্তিযোদ্ধাদের দুঃখ, বাঙালির মুক্তি সংগ্রামের সাক্ষী সেই স্থানটির কোনো চিহ্ন এখন আর নেই। সেখানে এখন বিজিবি ক্যাম্পের কংক্রিট ইয়ার্ড।
ইতিহাস রক্ষায় ওই স্থানটি যথাযথভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানটি আজও আমাদের স্মৃতিতে অম্লান। এর সংরক্ষণে সরকারের উদ্যোগী হওয়া কর্তব্য।”
শার্শার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমাদের মনে আছে। এ ব্যাপারে একটি পরিকল্পনা প্রক্রিয়াধীন।”
