৯৪ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে : মুহিত
দেশের ৯৪ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সিলেট সদর উপজেলা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
মন্ত্রী বলেন, “এখন আমাদের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা।”
প্রাথমিকে শতভাগ শিশুর শিক্ষা নিশ্চিত করা হয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, “তবে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি। সরকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে।”
সরকার মাধ্যমিক পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য ঠিক করেছে জানিয়ে মন্ত্রী বলেন, “২০১৯ সালের মধ্যে না হলেও ২০২১ সালের মধ্যে বাংলাদেশ এই লক্ষ্য আদায় করতে সক্ষম হবে।
“দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এককালে ‘কলেরা’ মহামারি আকার ধারণ করলেও এখন আর নেই। আগামী প্রজন্ম এটি ডিকশনারিতেও খুঁজে পাবে না।”
মুহিত বলেন, কুড়িগ্রাম ও রংপুর এলাকায় দুর্ভিক্ষ ও মঙ্গা দেখা দিত। এটা মোকাবিলা করা ছিল সরকারের জন্য চ্যালেঞ্জ।
“আমরা এক্ষেত্রে সাফল্য পেয়েছি। এখন বাংলাদেশে দুর্ভিক্ষ নেই। এটা আমাদের প্রধান সাফল্য।”
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি আবুল কাশেম আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশাহ প্রমুখ।
