২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চরফ্যাশনে চুরির অজুহাতে শিশুনির্যাতন

ভোলায় সুপারি চুরির অভিযোগে পিএসসি পরীক্ষা দেওয়া এক শিশুকে নির্যাতনের ফলে তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানিয়েছে ডাক্তার।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 11:35 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

গুরুতর আহত সজল (১০) লালমোহন উপজেলার অন্নদাপ্রসাদ গ্রামের দিনমজুর বলরাম বাবুর ছেলে।

বলরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে পার্শ্ববর্তী খোদেজাবাগ গ্রামের কালু সর্দার ও তার ছেলে কবির সরদার খেলার মাঠ থেকে সজলকে ধরে নিয়ে নিজ বাড়িতে রেখে নির্যাতন করেন।

তারপর তাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুব কবির।

চিকিৎসক মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সজলের মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে প্রচণ্ড খিচুনি দেখা দেয়। পরে অবস্থার অবনতি হতে থাকলে সোমবার বিকেলে তাকে বরিশাল পাঠানো হয়েছে।”

কালু সর্দার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগান থেকে সুপারি চুরির সন্দেহে সজলকে আমি শুধু জিজ্ঞাসাবাদ করেছি।”

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পুলিশ কালু সর্দারকে আটক করে আবার ছেড়ে দিয়েছে।

চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজলের পরিবার মামলা দিতে অস্বীকার করায় কালু সর্দারকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

সজল পূর্ব খোদেজাবাগ প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।

লালমোহন উপজেলার অন্নদাপ্রসাদ গ্রাম ও চরফ্যাশন উপজেলার খোদেজাবাগ গ্রাম পাশাপাশি অবস্থিত। সজলের বাড়ি লালমোহন উপজেলায় হলেও ঘটনা ঘটেছে চরফ্যাশন উপজেলার খোদেজাবাগ গ্রামে।