বেলকুচির একমাত্র নারী মেয়র প্রার্থী আশানুর
সিরাজগঞ্জের ছয় পৌরসভার মধ্যে মেয়র পদে একমাত্র নারী প্রার্থী বেগম আশানুর বিশ্বাস।
বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী।
বেলকুচি পৌরসভার জন্য ৪৫ বছরের এই নেত্রীকে মনোনীত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবম শ্রেণিতে পড়ার সময় আমার বিয়ে হয়। পরে লেখাপড়ার পাশাপাশি সংসার ও রাজনীতিতে জড়িয়ে পড়ি। মানুষের সঙ্গে কাজ করার জন্য মিশে যাই তাদের সাথে।”
সেই চলমানতায় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন পরপর দুবার। এবার পৌর এলাকায় কাজ করার জন্য ইউনিয়ন পরিষষদ থেকে পদত্যাগ করে মেয়র পদের লড়াইয়ে নামলেন।
তিনি বলেন, নির্বাচিত হলে পৌর এলাকার মুকুন্দগাতি বাজারের যানজট দূর করার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ, পয়োনিষ্কাশন ও তৃণমূলের স্বাস্থ্যসেবা উন্নত করার পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা এবং তাদের কর্মমুখী করার জন্য প্রকল্প গ্রহণের ইচ্ছা রয়েছে।
“ব্যক্তি ইমেজ থাকায় আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে দলের একক প্রার্থী হয়েছি। দলমতের ঊর্ধ্বে থেকে এ অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি, তারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করবে।”
বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেগম আশানুর তিন ছেলে ও দুই মেয়ের মা। তার স্বামী আব্দুল লতিফ বিশ্বাস বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসকের দায়িত্বে রয়েছেন।
বেলকুচি পৌরসভায় তিনি ছাড়া আরও তিনজন মেয়র পদের জন্য লড়াই করছেন।
তারা হলেন উপজেলা বিএনপির সভাপতি আল-আমিন ভূঁইয়া ওরফে জামাল উদ্দিন ভূঁইয়া, জামায়াতের আব্দুর রাজ্জাক মিয়া ও ইসলামী আন্দোলনের রেজাউল করিম।
২০০৪ সালে ৯টি ওয়ার্ড নিয়ে বেলকুচি পৌরসভা গঠিত হয়। ছয় বছর প্রশাসক দিয়ে চলার পর ২০১০ সালে প্রথম নির্বাচন হলে আওয়ামী লীগের মফিজ উদ্দিন লাল খান মেয়র হন।
এ পৌরসভার মোট ভোটার ৪৬ হাজার ৭১৮ জন। পুরুষ ২৪ হাজার ৩২৬ ও নারী ২২ হাজার ২৯২। কেন্দ্র ২৫টি।
