বাঘায় প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম।
তিনি আড়ানী পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক।
রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বাতিল হওয়া মনোনয়নপত্র পুনর্বহালের জন্য আপিল করেন তিনজন।
“এদের মধ্যে আড়ানীর পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নজরুল ইসলামের শুনানি শেষে তার মনোনয়নপত্র পুনর্বহাল করা হয়।”
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় নজরুলের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে প্রার্থিতা ফিলে পেয়ে দলের নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেছেন পৌর বিএনপির এই আহ্বায়ক।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তার দলীয় মনোনয়ন রাজশাহী বিএনপির কতিপয় নেতা বিক্রি করে দেয় বলেও অভিযোগ করেন তিনি।
আড়ানী পৌরসভা বিএনপির নেতাকর্মীদের তার প্রতি নিরংকুশ সমর্থন রয়েছে দাবি করে নজরুল বলেন, মেয়রপ্রার্থী হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা একমাত্র তাকেই চেয়েছিল। দলের কেন্দ্রীয় কমিটিও তার মনোনয়ন চূড়ান্ত করে।
আড়ানি পৌরসভায় এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক মুক্তার আলী এবং বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তোজাম্মেল হোসেন।
