রাজশাহীতে ‘মদের বিষক্রিয়ায়’ আ.লীগ প্রার্থীর মৃত্যু
রাজশাহীর আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যয়নপত্র পাওয়া বাবুল হোসেন ‘মদের বিষক্রিয়ায়’ মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক গোলাম মোস্তফা জানান।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাবুলকে (৫০) হাসপাতালে আনা হয়। আইসিইউতে নেওয়ার সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকদের তেমন কিছু করার ছিল না।
“স্ত্রী বলেছেন, বাবুল প্রায়ই মদ পান করতেন। মদের বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
বাবুলের স্ত্রী দিপালী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মদের নেশা ছিল। তবে গত রাতে খেয়েছিলেন কি না- তা আমার জানা নেই।”
রাতে অসুস্থ হয়ে পড়লে বাবুলকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় প্রত্যায়নপত্র নিয়ে আড়ানী যান বাবুল। সেখানে রাতে সঙ্গীদের নিয়ে তিনি মদ পান করেন। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, “ভর্তির সময় তার অবস্থা দেখে মনে হয়েছে তিনি মদ পান করে থাকতে পারেন।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আত্মীয় বাবলু হোসেন ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। আড়ানী পৌর এলাকার চকসিংগায় তার বাড়ি।
গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান বাবুল। দল তাকে আবারও প্রার্থী করলেও তার আর মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে বাবুল আমাদের কাছ থেকে মনোনয়নের প্রত্যায়নপত্র নিয়ে গিয়েছিলেন। তার মৃত্যু হওয়ায় তাৎক্ষণিকভাবে দল অন্য একজনকে মনোনয়ন করেছে।”
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বৃহস্পতিবার বিকালে ইসিতে দলের মনোনীত মেয়র প্রার্থীদের যে তালিকা দিয়েছেন, তাতে আড়ানী পৌরসভায় মো. মুক্তার আলীর নাম রয়েছে।
