দুর্নীতির অভিযোগে গাজীপুরে তিন ভূমি কর্মকর্তা বরখাস্ত
গাজীপুরের কয়েকটি ইউনিয়নের ভূমি কার্যালয়ে মঙ্গলবার সকালে ভূমি প্রতিমন্ত্রী পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও দুইজনকে শাস্তিমূলক বদলির নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী বলেন, “কাজের গাফিলতির জন্য বিভিন্ন অফিসে কয়েকজকে সাসপেন্ড করেছি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত অনুযায়ী আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
“কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য আমাদের সরকারের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
গাজীপুরের কয়েকটি ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি ও কাজে গাফিলতির অভিযোগে ভূমি প্রতিমন্ত্রী সকালে গাজীপুরে আকস্মিক পরিদর্শনে আসেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল জানান, গাছা, কাশিমপুর ও বাসন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং সাবাজপুর ও মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহা ও বাসন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউসুব আলী।
এছাড়া কালিয়াকৈর উপজেলার সাবাজপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া এবং ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
