টাঙ্গাইলে শিক্ষক হত্যার হুমকি
চাঁদার দাবি করে টাঙ্গাইলের বাসাইলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে মোবাইলে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এর মধ্যে কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক রোববার বাসাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে বাসাইল থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান।
গত এক সপ্তাহে অজ্ঞাত স্থান থেকে মোটা অংকের চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে দুর্বৃত্তরা প্রধান শিক্ষক ও তাদের সন্তানদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলে জানান তিনি।
হুমকি দাতারা নিজেদেরকে সর্বহারা পার্টির নেতাকর্মী বলে দাবি করেছেও বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে বাসাইল পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মোস্তাক রায়হানা বেগম বলেন, “দুর্বৃত্তরা আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আমাকে ও আমার সন্তানদেরকে খুন করার হুমকি দিয়েছে। ”
উপজেলার সুন্যা সম্মিলিত আলিম মাদরাসার প্রিন্সিপাল এস এম শরিফুল ইসলাম বলেন, “সর্বহারা দলের সদস্যর পরিচয় দিয়ে আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দিলে আমাকে এবং আমার ছেলে-মেয়েদের হাত কেটে খুনের হুমকি দেয়।”
এ বিষয়ে ওসি দেলোয়ার আহম্মদ বলেন, “বাসাইলে কোন সর্বহারা নেই তবে অভিযোগের ভিত্তিতে মোবাইল নম্বরগুলো শনাক্ত করার চেষ্টা চলছে।”
