Published : 22 Nov 2015, 02:45 PM
অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম জানান, রোববার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের বাগভান্ডার সীমান্ত দিয়ে ভারতের ট্রাভেল পাসধারী ৭২ জন ভারতে প্রবেশ করেন।
“দাশিয়ারছড়ার ১০ পরিবারের ৪৯ জন এবং ভুরুঙ্গামারীর ছোট গাড়লঝোড়ার ছয় পরিবারের ২৩ জন বাগভান্ডার সীমান্তে হাজির হন। পরে তাদের বিভিন্ন উপহার সামগ্রী ও মিষ্টি খাইয়ে বিদায় জানানো হয়।”
এরপর ভারতের সাহেবগঞ্জ সীমান্তের অভ্যন্তরে নতুন নাগরিকদের ফুল দিয়ে বরণ করা হয় বলে জানান তিনি।বাগভান্ডার সীমান্তে ভারতের নতুন নাগরিকদের গ্রহণের সময় ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন, ভারতের কুচবিহার জেলার ডিএম শ্রী পিউল গানাথন, ১০১ সাহেবগঞ্জ কোম্পানি কমান্ডার অনিন্দ ঘোষ, বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মারুফ জানান, চলতি বছরের গত ৩১ জুলাই মধ্যরাতে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২টিসহ বাংলাদেশে ১১১টি ছিটমহল একীভূত হয়। গত ৬-১৬ জুলাই দুই দেশের যৌথ সমীক্ষা পরিচালিত হয়।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, ট্রাভেল পাস প্রাপ্তদের ভারতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখন ভারতে যেতে চায় না তাদের ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি।এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় বুড়িমারী সীমান্ত দিয়ে লালমনিরহাটের ৬৩ জন ভারতে যান।