২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি বাবর ঢাকা মেডিকেলে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দি লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 11:40 AM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শনিবার সকাল সাড়ে ৮দিকে তাকে গাজীপুর থেকে ঢাকায় পাঠানো হয় বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত সোমবার কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল বিএনপির সাবেক এই সংসদ সদস্যকে।

ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বাবরের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়। তিনি মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছেন।

কারা কর্মকর্তা সুব্রত বলেন, “বিভিন্ন আদালতে তার (বাবর) বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। কাশিমপুর কারাগার থেকে ওই সব স্থানে যেতে সমস্যা হওয়ার কারণে তিনি চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন।”

আদালত বাবরের স্বাস্থ্যগত প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে তাজউদ্দীন মেডিকেলে নেওয়া হয়েছিল।  

কিন্তু ওই হাসপাতালে বাবরের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয় বলে জানান ডা. সালাম।