১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অপহৃত ব্যবসায়ী লক্ষ্মীপুরে উদ্ধার

ঢাকার মিরপুর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে অপহৃত এক গার্মেন্ট ব্যবসায়ীকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া।

উদ্ধার মো. মুসলিম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বিষামন্ডল গ্রামের প্রয়াত ছফি উল্যার ছেলে।

এ সময় ঘটনায় জড়িত অভিযোগে হারুন নামের এক যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় শাকতলা গ্রামের সেকান্দর মিয়ার ছেলে।

এ ঘটনার মূলহোতা রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদের ভাগ্নে বহিষ্কৃত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েলকে আটক করা যায়নি বলে জানান ওসি তোতা মিয়া।

তিনি বলেন, ব্যবসায়ী মুসলিমকে গত ৭ নভেম্বর ডিবি পুলিশ পরিচয়ে ঢাকার মিরপুর থেকে অপহরণ করে জাহিদুল ইসলাম জুয়েল ও হারুন। এরপর রামগঞ্জে এনে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন এবং তার স্ত্রীকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে তার স্ত্রী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং একজনকে আটক করে।

জুয়েল ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।