নির্বাচিত হওয়ার ৪ বছর পর ইউপি সদস্যের শপথ
গেজেটে নাম প্রকাশ না হওয়ায় নির্বাচিত হওয়ার ৪ বছর পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার রায় বৃহস্পতিবার এ তথ্য জানান।
নতুন দায়িত্ব নেওয়া ইউসুফ আলী মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে ইউসুফ আলী নির্বাচিত হলেও গেজেটে ভুল করে পরাজিত প্রার্থী আবুল হোসেনের নাম প্রকাশিত হয়।
“ওই ফলাফলের বিরুদ্ধে ইউসুফ আলী মামলা করলে উচ্চ আদালত তাকে বিজয়ী ঘোষণা করে রায় দেয়। এরই প্রেক্ষিতে চলতি বছরের ১৪ অক্টোবর তারিখে একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।”
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ওই গেজেটের ভিত্তিতে বৃহস্পতিবার আবুল হোসেনকে অব্যাহতি দিয়ে ইউসুফ আলীকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
