পুলিশের পিস্তল নিয়ে আসামির পলায়ন
জামালপুরে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে পুলিশের পিস্তল নিয়েআসামি পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর পিস্তলটি উদ্ধার করা হয়েছে।তবে আসামি পলাতক।
এ ঘটনায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে বরখাস্ত করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানান, মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান হাবু (৩০) কে শনিবার সকালে গ্রেপ্তার করে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
“এ সময় হাবুর স্ত্রীসহ বাড়ির অন্যরা এসআই সাঈদকে টানাহেঁচড়া শুরু করে। এক পর্যায়ে হাবু এসআইয়ের কোমরে থাকা পিস্তল ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।”
পরে জেলা শহরের পুলিশ সদস্যরা প্রায় তিন ঘণ্টা অভিযানের পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর গুজাবাড়ি এলাকার বাদাম ক্ষেত থেকে পিস্তলটি উদ্ধার করে বলে জানান পুলিশ সুপার।
এ ঘটনায় হাবুর স্ত্রী ময়না বেগম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
