২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

গাজীপুর সদরে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 01:09 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বুধবার গভীর রাতে এ ঘটনায় নিহত ইউসুফের (৪৫) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত আড়াইটার দিকে কয়েকজন গরু চোর বানিয়ার চালা এলাকার আরিফ হোসেনের গোয়াল ঘরে হানা দেয়।

“তারা গরু চুরি করে পালানের সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে ধাওয়া করে ইউসুফকে আটক করে পিটুনি দেয়।”

এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন বলে জানান এসআই আজহারুল।