২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ

ফেনীর পরশুরামে বিএনপির নেতাকে ছাত্রলীগের নেতারা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2015, 10:23 PM

Updated : 25 Apr 2022, 01:49 PM

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আহত কামাল হোসেন জাহাঙ্গীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন বিএনপির সদস্য।

শনিবার দুপুরে পরশুরাম উপজেলার স্টেশন রোডে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাড়ি থেকে বের হয়ে পরশুরাম বাজারে গেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাকে মোবাইল ফোনে স্টেশন রোডের মসজিদের সামনে ডেকে নিয়ে যায়।

“এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিহাদ মজুমদার, সহ-সভাপতি জিয়াউল হাসান দিদার ও সাংগঠনিক সম্পাদক কায়নান মোস্তফা তানিমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আমার ওপর অতর্কিত হামলা চালায়।

“এক পর্যায়ে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।”

পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তের হামলায় একজন আহত হয়েছে বলে শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক আবু তালেব হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ সাজেল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।