২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা হালিম হত্যায় ২৪ জনের নামে অভিযোগপত্র

খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দিঘলিয়ার সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম গাজী হত্যা মামলায় ২৪ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শেখ শাহজাহান মঙ্গলবার দুপুরে খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সালমা আক্তারের আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

দিঘলিয়া আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

  অভিযোগপত্রের বরাত দিয়ে জিআরও আরও জানান, ২০১১ সালের ৩০ অক্টোবর দিঘলিয়া উপজেলা পরিষদে কাজ শেষ করে বেলা ৩টার দিকে মোটরসাইকেললে করে চন্দনীমহল নিজ বাড়ি ফিরছিলেন চেয়ারম্যান আব্দুল হালিম গাজী।

“পথে গোয়ালপাড়া মোড় এলাকায় সন্ত্রাসীরা উপর্যপুরি গুলি চালিয়ে এবং আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে।

“গুলিবিদ্ধ হালিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর তার মৃত্যু হয়।”

এ ঘটনায় ৩১ অক্টোবর আব্দুল হালিম গাজীর স্ত্রী ফারহানা হালিম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দিঘলিয়া থানায় হত্যা প্রচেষ্টা মামলা করেন। পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয় বলে জানান এসআই রফিকুল।

২০১২ সালের ১৩ মার্চ দিঘলিয়া থানা থেকে সিআইডিতে মামলাটি তদন্তের জন্য স্থানান্তরিত হয়।

২৪ আসামি হলেন-গাজী ইমরান হোসেন ওরফে মনিরুল (৩৪), মোল্লা জুলকার নাঈম ওরফে মারজান আহমেদ ওরফে মুন্না (২৮), মো. ইসতিয়াক হোসেন ওরফে ইস্তি (২২), মো. শাকিল হোসেন ওরফে রানা (২৭), জাহিদ হাওলাদার (২৫), তাইজুল ইসলাম ওরফে রাজু (২৭), মো. মারুফ হোসেন শেখ (৩৬), মো.সেলিম মল্লিক (৩২), শহীদুল ইসলাম ওরফে শাহীন (৪৫), শাওনুল ইসলাম ওরফে শাওন (২২), রবিউল ইসলাম ওরফে বাবু (২৪), গাজী মো. এনামুল হাসান ওরফে মাসুম (৩২), মো. নুরুল ইসলাম গাজী ওরফে নুরু গাজী (৪৭), মো. শাহীন শেখ (২৪), গাজী মো. ইমরান হোসেন (২৫), গাজী মো. জাহিদুল ইসলাম (৪৮), মো. মানিক মোল্লা (৩৮), মো. আনিছুর রহম্না (৪৮), মুরাদ শেখ ওরফে গালকাটা মুরাদ (৩২), মো. মাসুদ সরদার (৩০), মাসুদ (৩০), মো. দিদার মোল্লা (৪৮), তরিকুল ইসলাম (২৭) ও মো. হুমায়ুন কবীর (৩০)।