ভবন ঝুকিপুর্ণ, খোলা জায়গায় ঝাউচর প্রাথমিকের ক্লাস
স্কুল ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে খোলা আকাশের নিচে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ‘ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়- এর শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে।
মেঘ দেখলেই ছুটি আর রোদ বাড়লে ক্লাসের বিরতি এভাবেই চলছে সেখানে পাঠদান।
প্রায় এক সপ্তাহ ধরে এভাবে চলা স্কুলটিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয় চত্বরে পাকা সড়কের পাশে গাছতলায় ত্রিপল বিছিয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করছে। গাছের পাতার ফাঁক দিয়ে কারও গায়ে রোদ পড়ছে। রাস্তায় যানবাহন চলাচল করায় ধুলাবালি উড়ে এসে শিশুদের গায়ে লাগছে। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে পাঠ নিতে হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা জানান, বিষয়টি লিখিতভাবে শিক্ষা বিভাগকে জানিয়েছেন। গত ১৬ অগাস্ট সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ভবনটি পরিদর্শন করে ঝুকিপুর্ণ হিসাবে চিহ্নিত করেন।
স্কুলের ২২৮ জন শিক্ষার্থীর মধ্যে অর্ধেকর বেশি শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ রেখেছে। এ নিয়ে মিটিং করে অভিভাবকরা ঐ ভবনে ছেলে-মেয়েদের পাঠাবে না বলে জানিয়ে দিয়েছেন।
তিনি বলেন, “বৃষ্টি আসলে সকলেই পাশ্ববর্তী কমিউনিটি ক্লিনিকের ভিতরে আশ্রয় নেয়।”
ঝুকিপূর্ণ ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের প্লাস্টার খসে পড়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝুকিপূর্ণ হওয়ায় স্কুলভবনে কার্য্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশের একটি কমিউনিটি ক্লিনিকে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে উল্লেখ করে তিনি জানান, এজন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেতে দেরি হলে ভবনের ছাদ ভেঙে ফেলে টিন দিয়ে সংস্কার করে কার্য্যক্রম চালানো হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম জানান, স্কুলটি ১৯৯৫ সালে ৩৩ শতাংশ জমির উপর বেসরকারিভাবে নির্মাণ করেন ঝাউচর এলাকার স্থানীয় বাসিন্দা সাইজ উদ্দিন ও রহমত আলী দেওয়ান। পরে ২০১৩ সালে স্কুলটি সরকারিকরণ করা হয়।
স্কুলটিতে চার জন শিক্ষক ও ২২৮ জন শিক্ষার্থীদের সংখ্যা রয়েছে।
