সড়কে গোলযোগ: এমপি কেরামত আলীর গাড়িবহরে হামলা
রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়িবহরের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর হামলা-পাল্টা মামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার সকালে ফরিদপুরের নূরু মিয়া বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় এই গোলযোগে ভাংচুর হয়েছে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বহরের চারটি গাড়ি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ সদস্যের গাড়িবহরে হামলার অভিযোগে তিনজনকে আটক এবং দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
কেরামত আলী ২০টি গাড়ির বহর নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিয়ারপুর গোডাউনের কাছে একটি ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির সংর্ঘষ হলে সংসদ সদস্যের সঙ্গীরা ট্রাকটিতে হামলা চালায়। তখন স্থানীয়রা জোট বেঁধে সংসদ সদস্যের গাড়িবহরের হামলা চালিয়ে চারটি গাড়ি ভাংচুর করে।
এতে গাড়িতে থাকা কমপক্ষে ২০ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
ফরিদপুরের এএসপি আমিনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংসদ সদস্যের গাড়িবহর নিরাপদে গোপালগঞ্জের দিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে রাজবাড়ী-১ (সদর) আসনের সংসদ সদস্য কেরামত আলীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
